কী আশ্চর্য এক শীতরাত নেমে এসেছে–
জমে ওঠা ক্ষীরের মতোন করে কুয়াশা নামছে
শিশির বিন্দু-কণা মুক্তোর মতোন ঠাঁই খুঁজে নিচ্ছে সবুজাভ ঘাসের কোমল ডগার ‘পরে।
আমি নিজেকে ভুলে পা ফেলি নিমগ্ন কুয়াশার ভাঁজে।
আর শিউরে উঠি।
টের পাই–আত্মমগ্ন এই আমাকে স্পর্শ করে গেল যেন একজোড়া কোমল হাত। ফের সেই তুলতুলে করস্পর্শের মোহে হেঁটে চলি অবিকল নিজেতে মগ্ন কোনো পথভোলা সরীসৃপের মতোন।
হেঁটেই চলি।
আর পেছন পানে ফেরা হয় না আমার।
