দেশখ্যাত টেলিকম কোম্পানিতে চাকরী করা এক বন্ধু আমাদের কতিপয় কে একবার তার বাসায় দাওয়াত করলো। বন্ধুটি নতুন বিয়ে করেছে; এ ভোজ সে উপলক্ষে কি না তা আমি নিশ্চিত নই।
বিবাহ সংক্রান্ত আলোচনা ছাড়াও তার অফিসের নানান কথা উঠে আসছিলো আমাদের আলাপচারিতায়। বন্ধুর অমায়িক আচরণে বস, সহকর্মী ও কাস্টমাররা তার প্রতি কতোটা মুগ্ধ তাই ফেনিয়ে ফেনিয়ে শোনাচ্ছিল আমাদের। অচিরেই যে তার পদোন্নতি হতে যাচ্ছে সে সংবাদ ও বাদ পড়লো না।
আশৈশব আমাদের বন্ধুত্ব; তাই দ্বিমত করার জো ছিল না। আমরা জানতাম, বন্ধুটি আমাদের ভালো এবং আচার ব্যবহারও অতুলনীয়।
কথার মাঝখানে বন্ধুটি উঠে একবার ভেতরের ঘরে গেল। কিছুকাল পরেই বন্ধুর উচ্চাওয়াজ ও এক নারী কণ্ঠের চাপা কান্নার শব্দ আমাদের কানে এসে আঘাত করতে লাগলো। আমরা যা বোঝার বুঝে নিই।
বিদায়কালে বন্ধুকে বললাম “দোস্ত! খয়রুকুম খয়রু আহলিকুম”
দোস্ত আমার বুদ্ধিমান ছিল; তাই আমার দিকে অবাক হয়ে চেয়ে রইলো।
বন্ধুকে অবাক রেখেই আমরা ঘর ছেড়ে রাস্তায় নেমে এলাম।
[“খয়রুকুম খয়রু আহলিকুম” বাক্যটি একটি হাদিসের অংশ। যার অর্থ, তোমাদের মধ্যে প্রকৃত ভাল মানুষ সে যে তার পরিবারের কাছে ভাল।]
