পথ হারিয়ে ফেলেছি
ভুলে গেছি গন্তব্য।
মনে নেই, কোথাও কি যাবার ছিল!
কারুর সাথে দেখা করবার; কারুর পাশে বসে থেকে
তার চোখের পানে নির্নিমেষ চেয়ে থাকবার—
ছিল কি কোনো প্রতিশ্রুতি!
মনে নেই।
ভুলে গেছি কবিতার ছন্দ
গানের স্বরলিপি
ভুলে গেছি হাসনাহেনা বকুলের ঘ্রাণ।
মনে পড়ে না আর গ্রামের মেঠোপথ
সবুজ মটর শুঁটি বিছানো বিস্তীর্ণ মায়াবী আঁচল
তার বুকের পাজর কেটে বেঁকে চলা হেয়ালি আলপথ—ভুলে গেছি।
ভুলে গেছি, নীল অপরাজিতা
গোধুম সন্ধ্যা আর
মিহি মিহি ধূসর সাগু দানা।
শিমুলের লাল, ভুলে গেছি।
চোখে ভাসে না আর কৌতুহলী কোনো নবীনের মুখ
চুলখোলা আর কোনো আয়েশা আক্তারের মুখচ্ছবি
চোখের সমুখে কেবল পেঁজা তুলোর মতোন রাশি রাশি কুয়াশা।
আমি পথ হারিয়ে ফেলেছি।
কংক্রীট নগরীর গলিপথে
নিয়ন আলোয়
বাহারি রঙের এইসব আলেয়ার নীচে
আমার নিজেকে হারিয়ে বসেছি।
আমায় কেউ খুঁজে নিতে পারো!
আমি আকুল বসে আছি—
চেনা ঠিকানায় ফিরব বলে।
ভুল ঠিকানার পথিকই জানে—
একাকী ডাহুক কতোটা নিঃসঙ্গ।

চমৎকার ছিল।
ভালো লাগলো খুব
😍😍😍😍
সুন্দর